কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং অপরাধ দমনে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ ও চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভিন্ন থানায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
গত ১১ আগস্ট ২০২৬ থেকে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন আসামিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন এবং বিভিন্ন মামলার অন্যান্য আসামি ১৪ জন রয়েছেন।
জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
মাদকের বিস্তার রোধ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।