কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। বুধবার (২৬ আগস্ট) তিনি কারাগারটি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, বন্দীদের আবাসন, খাবারের মান, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা এবং কারা ক্যান্টিনের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি বন্দীদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও কল্যাণমূলক কার্যক্রমের বিষয়েও খোঁজখবর নেন।
এ সময় বন্দীদের জন্য সরবরাহকৃত খাবারের গুণগত মান ও পুষ্টিমান নিশ্চিত করা, রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অসুস্থ বন্দীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা প্রশাসক। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং কারাগারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কারাগারে নিরাপদ, সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি বন্দীদের প্রাপ্য সেবা ও সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।