কিশোরগঞ্জের তাড়াইলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে ২৫ বছর বয়সী এনামুল মিয়া ফয়সাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্ত এনামুল মিয়া ফয়সাল উপজেলার রাউতি ইউনিয়নের কৌলী উত্তরপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে গত রোববার (২৫ অক্টোবর) শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১৯।
অভিযোগে শিশুটির বাবা উল্লেখ করেন, গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে অভিযুক্ত এনামুল মিয়া ফয়সাল (২৫) আমার ৯ বছর বয়সী মেয়ের মুখ চেপে ধরে রুকতন মিয়ার পরিত্যক্ত বাড়ির পিছনে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান ফয়সাল। এরপর থেকেই আমাদের হুমকি-ধামকি দিয়ে চলছেন ফয়সালের পরিবার।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ মন্ডল বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ফয়সালকে আটকের চেষ্টা চলছে। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। আমরা শিশু ও তার পরিবারকে সুরক্ষা দেবো। এরইমধ্যে পুলিশের টিম আসামিকে ধরতে কাজ করছে।