ডায়াবেটিস প্রতিরোধ ও সুস্থ জীবনযাপনে শারীরিক পরিশ্রমের গুরুত্ব তুলে ধরতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত এ দৌড়ে সাত শতাধিক মানুষ অংশ নেন। নিয়মিত হাঁটা ও ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকার বার্তা ছড়িয়ে দিতেই এ ব্যতিক্রমী আয়োজন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। অংশগ্রহণকারীরা শহরতলীর বড়পুল এলাকায় ইউটার্ন নিয়ে পুনরায় হাসপাতালের সামনে এসে দৌড় শেষ করেন। এতে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার সাত শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। তাঁদের অধিকাংশই নির্ধারিত পথ সফলভাবে অতিক্রম করেন।
ম্যারাথন শেষে ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি সোহানা নাসরিন। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে নিয়মিত হাঁটাচলা ও শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ থাকার জন্য শুধু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নয়, বরং সব বয়সের মানুষেরই নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
পরে ম্যারাথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।