কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসাইন ওরফে হৃদয় (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি গ্রামে এ অভিযান পরিচালনা করে পাকুন্দিয়া থানা-পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিঃ) মো. জনি মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই (নিঃ) হেলাল মুন্সি, এএসআই (নিঃ) মো. হাসান আলী, এএসআই (নিঃ) শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল সালুয়াদি গ্রামে অভিযানে যায়। এ সময় মনির হোসাইন ওরফে হৃদয়ের বসতবাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ২৩ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ২ দশমিক ৩ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬ হাজার ৯০০ টাকা।
গ্রেপ্তার মনির হোসাইন ওরফে হৃদয় বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।