কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত হালিমা (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ১৫ নভেম্বর (রোববার) সকাল ৮টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিমা ওই এলাকার আলমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের লোকজনের মারধরে হালিমা গুরুতর আহত হন বলে অভিযোগ রয়েছে।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”