বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাঁচ বছরে ভ্যাট ফাঁকি, রহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তাকে প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা: দাবি ভারতের বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের বিবাহিত নারী ও মা হিসেবে প্রথমবার মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার কিশোরগঞ্জে হোটেল কর্মচারী হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ, তাড়াইল আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে
বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন

বিদ্যুৎ বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে ১৩ হাজার ৫৮০ কোটি টাকার দুটি প্রকল্পে অনুমোদন দিয়েছে বিএনপি সরকার। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদন পায়।

সভার পর বিকালে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে আসেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

তিনি বলেন, আমরা অতীতে দেখেছি, অনেক ক্ষেত্রে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে, কিন্তু সেই বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি কোথা থেকে আসবে, তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। আবার বিদ্যুৎকেন্দ্র তৈরি হলেও বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা একই সঙ্গে ও সমন্বিতভাবে গড়ে তোলা হয়নি। এমনকি বিতরণ ব্যবস্থাতেও নানা ধরনের সমস্যা রয়েছে। ফলে বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা বাড়লেও গ্রাহকদের ভোগান্তি রয়ে গেছে। বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনকে উৎপাদন সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই দুটি বড় প্রকল্প নেওয়া হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন ঢাকার পার্শ্ববর্তী ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণই প্রকল্প দুটির মূল লক্ষ্য। এর মাধ্যমে নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংস্কার এবং আধুনিক প্রযুক্তি স্থাপনের মাধ্যমে মোট ২ হাজার ৬৮১ এমভিএ বিতরণ সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জোনায়েদ সাকি বলেন, প্রকল্প দুটির অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে প্রায় ৭৩১ মিলিয়ন ডলার বা ৮ হাজার ৯৪৪ কোটি টাকা ঋণ নেওয়া হবে।

প্রকল্প দুটির মধ্যে ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা, এডিবি ঋণ দেবে প্রায় ২ হাজার ৪৫৫ কোটি টাকা। বিআরইবির নিজস্ব অর্থায়ন থাকবে ১ হাজার ১৮৩ কোটি টাকা।

অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনে ব্যয় হবে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ১ হাজার ২৮২ কোটি টাকা। এআইআইবি থেকে ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ নেওয়া হবে। বিআরইবির অর্থায়ন থাকবে ১ হাজার ২০৭ কোটি টাকা।

প্রকল্পের নথি অনুযায়ী, ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৯ হাজার ৭৬০ এমভিএ। বর্তমানে চলমান প্রকল্পসহ মোট সক্ষমতা রয়েছে ৬ হাজার ৯৩০ এমভিএ। ফলে চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে ২ হাজার ৮৩০ এমভিএ। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে নতুন উপকেন্দ্র নির্মাণ ও বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে ১ হাজার ২৬৫ এমভিএ সক্ষমতা যুক্ত করা হবে। পাশাপাশি তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আরও ৩০ এমভিএ সক্ষমতা বাড়ানো হবে। সব মিলিয়ে সক্ষমতা বাড়বে ১ হাজার ২৯৫ এমভিএ।

অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা দাঁড়াবে ৭ হাজার ৩৭০ এমভিএ। বর্তমানে সক্ষমতা রয়েছে ৫ হাজার ২৯৪ এমভিএ। অর্থাৎ ঘাটতি ২ হাজার ৭৬ এমভিএ।

এ ঘাটতি মোকাবিলায় ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে ১ হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানো হবে। দুটি প্রকল্পের আওতায় বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। ঢাকার আশপাশের এলাকায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ, ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি এবং ৪ হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ৯০টি নতুন উপকেন্দ্রের পাশাপাশি ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ ও উন্নয়ন করা হবে। এ ছাড়া ছয়টি সুইচিং স্টেশন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন ব্যবস্থা স্থাপন করা হবে।

এই দুই প্রকল্পসহ এদিন একনেক সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৭৭৬ কোটি টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য খাতের দুটি প্রকল্প রয়েছে। আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পে দ্বিতীয় সংশোধনীতে ব্যয় বাড়ানো হয়েছে ১ হাজার ৯৯৯ কোটি ২২ লাখ টাকা।

প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা স্বাস্থ্যসেবা বিভাগ। এ ছাড়া ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং-সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ানো হয়েছে ৫৫৫ কোটি ৮৮ লাখ টাকা। এর আওতায় যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে হাসপাতাল এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের বিষয় রয়েছে।

এই বিষয়ে প্রতিমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, দেশে প্রতিবছর প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ এ রোগে মারা যান। ঢাকায় অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল বছরে প্রায় ৪ হাজার রোগীকে সেবা দিতে পারে। ফলে সেখানে একটি শয্যা পাওয়ার জন্য রোগীদের দীর্ঘ অপেক্ষা করতে হয়। মানুষকে চরম ভোগান্তির মধ্য দিয়ে চিকিৎসা নিতে হয়। ক্যানসার, কিডনি ও হৃদরোগের মতো জটিল রোগের উন্নত চিকিৎসা বিভাগীয় পর্যায়ে পৌঁছে দিতে এসব হাসপাতাল আরও বেশি শয্যাসংখ্যা ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে গড়ে তোলা হচ্ছে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই প্রকল্পটি সম্প্রসারিত আকারে পুনর্গঠন করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে।

এগুলো হলো পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে উন্নয়ন প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্পও অনুমোদন পেয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com