আবারও নো বলের ক্ষেত্রে নিয়মের পরিবর্তন আনলো ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। এতদিন নো বল দেখতেন মাঠের আম্পায়ার, এখন থেকে নো বল দেখবেন থার্ড আম্পায়ার। থার্ড আম্পায়ার যদি নো বল ডাকেন তাহলে ফিল্ড আম্পায়ার বলটি বাতিল করবেন। এই পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, অনেক সময় বোলারের পায়ের পজিশন দেখে নো বল হয়েছে কিনা তা ফিল্ড আম্পায়ার বুঝতে পারেন না। তাই ভুলের সংখ্যা কমিয়ে আনতেই এই পরিবর্তন।
আইসিসি এক সংবাদ বিবৃতিতে পুরো বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, সামনের ভারত ও উইন্ডিজের মধ্যেকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেই এই নিয়ম কার্যকর হবে। তবে এই নিয়মে থাকছে আগের একটি ধারা। আগে নো বলের ক্ষেত্রে কোনো সন্দেহ থাকলে বেনিফিট অব ডাউট বোলারের পক্ষে যেত, নতুন নিয়মেও বেনিফিট অব ডাউট বোলারের পক্ষে যাবে।