পাকুন্দিয়ায় বাস-ট্রাক্টরের সংঘর্ষে মিলন (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ মার্চ) আনুমানিক দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের মির্জাপুর বাইপাস মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিলন উপজেলার নামা লক্ষীয়া গ্রামের গোলাপ মিয়ার ছেলে এবং লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে একটি ট্রাক্টরে করে মিলন খালার বাড়ি বাহাদিয়া যাচ্ছিল। এ সময় ট্রাক্টরটির পিছন দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী অনন্যা পরিবহন নামের একটি বাস ট্রাক্টরটিকে ওভারটেক করতে গেলে সংঘর্ষে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় চালক রাকিব ও স্কুল ছাত্র মিলন।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্র মিলনকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান সড়ক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনা স্থলেই মিলন নামে স্কুল ছাত্র নিহত হয়। মৃতদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।