বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় দলের নির্বাচক প্যানেলের সঙ্গে বৈঠক করেছেন। চলতি আইসিসি টি-২০ বিশ্বকাপ আসরে টাইগারদের ব্যর্থতা নিয়েই এই বৈঠক আলোচনা হয়েছে।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, নির্বাচক আব্দুর রাজ্জাকসহ পাপনের বাসায় সন্ধ্যায় এই জরুরি মিটিংয়ে ডাকা হয়। জানা গেছে, বাংলাদেশ দলের চরম বাজে পারফরম্যান্স নিয়ে বৈঠকের বেশিরভাগ সময় আলোচনা চলে।
এবারের আসরে প্রায় প্রতিটি দলের সঙ্গেই নাকানি-চুবানি খেয়েছে বাংলাদেশ। সেটা যেমন বোলিংয়ের ক্ষেত্রে তেমনি ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ের বেলায়ও। শুরুতেই প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে ৬ রানে হারে বাংলাদেশ। এরপরের দুই ম্যাচে জয় পেলেও সুপার টুয়েলভে কোনো জয় নেই টাইগারদের।
সেই শোক স্মৃতি নিয়েই দেশে ফিরতে হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীকে। শেষ ম্যাচেও যে অজিদের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে এই বিশ্বকাপেই মঙ্গলবার (২ নভেম্বর) আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ৭০ রান, যেটা ২০১৬ সালে কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিল।