নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু
আশরাফুল নয়ন, নওগাঁ
আপডেট সময়
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
২০
বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। একই ঘটনায় মমতাজ বেগম নামে আরও এক শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনার খবর শুনে তাসনিম আরা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত উম্মে কুলসুম ও আহত মমতাজ বেগম লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়-এর সহকারী শিক্ষিকা।
নিহত উম্মে কুলসুমের বাড়ি বদলগাছী উপজেলার পুরাতন ব্রিজ এলাকায় এবং আহত মমতাজ বেগমের বাড়ি গোরশাহী গ্রামে।
অপরদিকে, নিহত শিক্ষার্থী তাসনিম আরা (১৪) একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তিনি আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ছুটির পর একটি সিএনজিযোগে উম্মে কুলসুম ও মমতাজ বেগম বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহ করতে মহাদেবপুরে যাচ্ছিলেন। পথে বদলগাছী-মাতাজী সড়কের চাকরাইল বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। আহত মমতাজ বেগমকে প্রাথমিক চিকিৎসা শেষে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে শিক্ষিকার মৃত্যুর খবর বিদ্যালয়ে পৌঁছালে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম আরা অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামিম ইয়াসার জানান, শিক্ষার্থী তাসনিম আরার মৃত্যু আকস্মিক তীব্র মানসিক ধাক্কার কারণে হয়ে থাকতে পারে।
জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষিকা উম্মে কুলসুম ও শিক্ষার্থী তাসনিম আরার মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে রুহুল আমীন জানান, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও ধান মাড়াই মেশিন জব্দ করা হয়েছে। তবে চালকেরা পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।