ভৈরব ডেস্ক :
বাজিতপুরের চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় কাজল মিয়া ও মইন উদ্দিন নামে দুই পিতা-পুত্রকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। মামলার প্রধান আসামী মইন উদ্দিন ও তার পিতা কাজল মিয়া বাজিতপুর উপজেলার মাইজচর গ্রামের বাসিন্দা। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কুলিয়ারচর থানাধীন নাজিরদিঘী গ্রামের জৈনক সিরাজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ভৈরব র্যাব ক্যাম্পের ইনচার্জ রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গত বেশ কিছুদিন ধরে মাইজচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে একই এলাকার মো: মইন উদ্দিন বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ মইন উদ্দিন ওই স্কুল ছাত্রীকে তার মা-বাবার চোখ ফাকি দিয়ে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে সিএনজি যোগে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় নিয়ে যায়।
এদিকে শিশু মেয়েকে বিভিন্ন জায়গায় খোজাঁখোঁজি করে না পেয়ে ভিকটিমের বাবা ইকবাল হোসেন গত ২৭ মার্চ মইন উদ্দিনকে প্রধান আসামী করে তার বাবা-মা ও বোনসহ মোট চারজনের নামে বাজিতপুর থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ভিকটিমের বাবা-মা কুলিয়ারচরের উসমানপুর থেকে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করেন। পরে ভিকটিম ও তার পরিবারের ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষীতে গত ২৮ মার্চ বাজিতপুর থানা পুলিশ ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে আদালতের হাজির করলে বিচারক ২২ ধারায় ভিকটিমের জবান বন্ধী রেকর্ড করেন । এছাড়াও মামলায় অপর দুই আসামী পলাতক থাকলেও তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানায় র্যাব।
এ সময় সংবাদ সম্মেলনে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র এডি চন্দন দেবনাথসহ ক্যাম্পের অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন ।