বিপুল মেহেদী :
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে মাতৃত্বকালীন সেবা, মা ও শিশু পরিচর্যা, বাল্যবিবাহ ,পরিকল্পিত পরিবার গঠন, পুষ্টি, বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কিশোরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট দিনব্যাপী এই উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান (বিসিএস-এফপি)-এর সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রওশন আখতার জাহান। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আশুরা বেগম হাওলাদার। কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান ও কিশোরগঞ্জ সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. সাইদুল হাসান সভায় বক্তব্য রাখেন।
এ-সভায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি, নারীনেত্রী মানবাধিকার সংগঠনের কর্মী এবং যুব সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।