হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবে আরিফুল ইসলাম নামে এক এইচএসসি পরীক্ষার্থী সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এসময় হামলার শিকার আরিফুলকে বাঁচাতে স্থানীয় আজীজ সুপার মার্কেটের ব্যবসায়ীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা ব্যবসায়ীদের উপরও এলোপাথারি হামলা চালালে কমপক্ষে ৮জন আহত হয়।
এঘটনায় ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এতে ওই সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। পরে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করেন।
জানা যায়, আজ দুপুর দেড়টা নাগাদ স্থানীয় জেড রহমান কলেজের আরিফুল ইসলাম নামে এক এইচএসসি পরীক্ষার্থী হাজী আসমত কলেজে পরীক্ষা দিয়ে বাইরে বের হওয়া মাত্রই ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে ওই পরীক্ষার্থীর উপর হামলা চালায়।
এসময় স্থানীয় ব্যবসায়ীরা তাকে বাচাঁতে এগিয়ে এলে সন্ত্রীরা ব্যবসায়ীদের উপর চড়াও হয়ে এলোপাথারি মারপিট করে এবং ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অন্তত ৫টি দোকানে ভাঙচুর করে। পরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক স্থানীয় পাদুকা ব্যবসায়ীরা বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
ভৈরব থানার উপ-পরিদর্শক মতিউজ্জামান জানান, ধারণা করছি পূর্ব শত্রুতার জের ধরে এইচএসসি পরীক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখব। পাশাপাশি হামলার শিকার ওই পরীক্ষার্থীকে বাচাঁতে এগিয়ে আসলে ব্যবসা প্রতিষ্ঠানে যে হামলা চালানো হয়েছে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।