কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এক কোটি ৮ লাখ ৯ হাজার ২শ’ টাকা পাওয়া গেছে। আজ শনিবার (১৩ই এপ্রিল) বিকালে গণনা শেষে এই টাকার হিসাব পাওয়া যায়। বিপুল পরিমাণ দানের এই নগদ টাকা ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।
জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত মসজিদটি দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করাসহ মসজিদ কমপ্লেক্সের বিশাল ভবন নির্মাণ করা হয়েছে ।
গত ১৯শে জানুয়ারি দান সিন্দুক খোলার পর এক কোটি ১৩ লাখ ৩৩ হাজার ৪৭৩ টাকা পাওয়া গিয়েছিল। সেই হিসেবে গত ৮২ দিনে পাগলা মসজিদে দান হিসেবে নগদ টাকা পাওয়া গেছে মোট এক কোটি ৮ লাখ ৯ হাজার ২শ’ টাকা পাওয়া গেছে। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে এক লাখ ৩১ হাজার ৮২০ টাকা মসজিদটিতে মানুষ দান করেছেন।
শনিবার (১৩ই এপ্রিল) সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে দান সিন্দুকগুলো খোলা হয়। দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা হয়। এরপর শুরু হয় দিনব্যাপী টাকা গণনা। টাকা গণনায় মসজিদ মাদরাসার ছাত্রশিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তাগণ অংশ নেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান এর তত্ত্বাবধানে টাকা গণনার কাজ তদারকি করা হয়। এ সময় সিন্দুক খোলা কমিটির সদস্যরা ছাড়াও প্রশাসনের কর্মকর্তা, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সার্বক্ষণিক দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। টাকা গণনার এই এলাহী কাণ্ড নিজ চোখে অবলোকন করতে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ নানা শ্রেণিপেশার মানুষ মসজিদে ছুটে যান।