গেল বছর ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় ছিল ১০ কোটি ৭১ লাখ টাকা। আর ব্যয় হয়েছে ৭ কোটি ৮৭ লাখ টাকা।
সোমবার নির্বাচন কমিশনে (ইসি) ২০২২ সালের বার্ষিক আর্থিক বিবরণী জমা দিয়েছে।
পরে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান জানান, গত বছরে দলটির ১০ কোটি ৭১ লাখ টাকা। আর ব্যয় হয়েছে ৭ কোটি ৮৭ লাখ টাকা। এছাড়া, ব্যাংকে জমা রয়েছে ৭৩ কোটি ২৮ লাখ টাকা।
তিনি আরও জানান, আয়ের খাত ছিল মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয়। ব্যয়ের প্রধান খাতগুলো হলো- কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয়, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ভাড়া, প্রচার ও প্রকাশনা বাবদ ব্যয়।
প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিরও) ১৯৭২ অনুসারে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের আগে তাদের আর্থিক বিবরণী জমা দিতে হয়।
সেই অনুসারে আয়-ব্যয় শেষে ২০২২ সালে আওয়ামী লীগের উদ্বৃত্ত ছিল ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। বছর শেষে স্থিতি ছিল ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।