চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই শীর্ষ নেতা গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার সাত্তারঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারত করতে গাড়িবহর নিয়ে রওনা হন। পথে সাত্তারঘাটা এলাকায় তাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। লাঠিসোঁটা নিয়ে চালানো হামলায় গোলাম আকবরের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, সংঘর্ষে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোলাম আকবরের সহকারী অর্জুন কুমার নাথ বলেন, ‘আমরা সুলতানপুরে কবর জিয়ারতে যাচ্ছিলাম। সাত্তারঘাটা এলাকায় আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা আগে থেকেই প্রস্তুত ছিল। গুলিও ছোড়া হয়।’
হামলায় গোলাম আকবরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গোলাম আকবর বলেন, ‘গিয়াস উদ্দিন কাদেরের নির্দেশে এ অশুভ পরিকল্পনা হয়েছে। সকাল থেকেই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি সম্পর্কে জানিয়েছিলাম। কিন্তু সাত্তারঘাটা সেতু পার হতেই আমাদের ওপর হামলা হয়।’
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মোবাইলে ফোন করা হলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’ ‘হামলার শঙ্কার বিষয়ে পুলিশকে জানানো হয়েছিল’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সকাল থেকে পুলিশের টহল ছিল। তবে হামলাকারীর সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে অতিরিক্ত ফোর্স এনে নিয়ন্ত্রণে আনা হয়।’
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিএনপির এই দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।