সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিলাম ডাক সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ি চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ। এতে অংশ নেয় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন নৃশংস হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গতকালের হামলায় আহত হন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সহ-সাধারণ সম্পাদক।

জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর ঐতিহাসিক পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে দানের সামগ্রী ক্রয় করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চারজন সাংবাদিক। এ সময় সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ করে উত্তেজনা সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু গুরুতর আহত হন।

পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহত দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে।

কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন বলেন, যে মসজিদের সভাপতি জেলা প্রশাসক, সেই মসজিদে এমন হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। পাগলা মসজিদের প্রতিদিনের নিলামকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ রয়েছে। সেই অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ বলেন, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেভাবে হামলার শিকার হয়েছেন তা অত্যন্ত ন্যাক্কারজনক। এ ধরনের ঘটনা মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি এবং জাতির জন্য অশনিসংকেত। আমরা দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসিম খান বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করবে। হামলার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত জীবন ও মনা নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com