কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ-এর ছোট ভাই আব্দুল হক নুরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
আব্দুল হক নুরু মিঠামইনের “মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ”-এর প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে নিজ এলাকায় শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
নিহতের ভাতিজা মো. মতিন মিয়া জানান, প্রায় এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শেষ পাঁচ দিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) সকালে তার মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জে আনা হবে। বাদ জোহর মিঠামইন উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কামালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবীণ এই রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।