রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস থেকে চালক আরমান খানের (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আরমান খান রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিমখালখোলা গ্রামের বাসিন্দা আরব খানের ছেলে। দুর্ঘটনার সময় তিনিই বাসটি চালাচ্ছিলেন বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
আরমানের ফুপাতো ভাই গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় আরমানই স্টিয়ারিংয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চালক বাস থেকে নেমে গিয়েছিলেন এবং হেলপার গাড়ি চালাচ্ছিল— এমন যে তথ্য ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি বলেন, যদি আরমান বাস থেকে নেমে যেতেন, তাহলে তার মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার হতো না।
সৌহার্দ্য পরিবহনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুর্ঘটনার সময় আরমানই গাড়ি চালাচ্ছিলেন এবং তার বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তবে এ বিষয়ে সৌহার্দ্য পরিবহনের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।