মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে শহীদদের স্মরণ করে দিবসটি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের প্রথম প্রহরে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সন্তানদের ত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। তাঁদের এই অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
পরে শহীদদের স্মরণে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক সোহেল চৌধুরী, সিআইডির পুলিশ সুপার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত থেকে দিবসের কর্মসূচি প্রত্যক্ষ করেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মহান স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।