কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরিয়ান সাব্বির (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান সাব্বির মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা সদরের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আরিয়ান সাব্বির মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোঃ শাহরিয়ার জানান, হাসপাতালে আনার আগেই আরিয়ান সাব্বিরের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে। অকালেই এক মেধাবী শিক্ষার্থীর প্রাণহানিতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
পুলিশ জানায়, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ তাদের হেফাজতে নেয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। স্থানীয়রা সড়কটিতে যানবাহন চলাচলে অধিক সতর্কতা ও নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন।