কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে কর্মরত এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
কমিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন (এমওডিসি) ডা. ফারজানা জামান পুনমকে আহ্বায়ক করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন – স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. আবুল কালাম ইলিয়াস এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজমুন্নাহার।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ৩০ মার্চ বিকেলে হোসেন্দী ইউনিয়নে ইপিআই টিকা প্রদানকালে স্বাস্থ্য সহকারী মো. কামাল উদ্দীনের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন পরবর্তী এক কর্মদিবসের মধ্যে কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়।