কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন সাংবাদিকের বাসাসহ অন্তত ২০টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের আখড়াবাজার পিটিআই দক্ষিণ গলি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের নগুয়া ও আখড়াবাজার এলাকার দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাতে নগুয়া এলাকার প্রায় ৪০ থেকে ৪৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আখড়াবাজার পিটিআই গলিতে মহড়া দেয়।
এক পর্যায়ে তারা গলির দুই পাশের বিভিন্ন বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সময় টিভি, স্টার নিউজ ও চ্যানেল আই-এর সাংবাদিকদের বাসা এবং নগুয়া উত্তরা রোডের জসিমের বাসাসহ অন্তত ২০টি বাড়ির গেট, দরজা ও জানালা কুপিয়ে ভাঙচুর করে। একই সময় একটি বাড়ির সামনে রাখা একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।