বুধবার, ২০ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

নওগাঁ জেলা প্রেসক্লাবে ‘মধু’ আছে কি? কমিটি নিয়ে দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রেসক্লাবে দুই পক্ষের পৃথক আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে জেলায় চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উভয় পক্ষই নিজেদের কমিটি বহাল রাখা ও প্রভাব বিস্তারে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে দৌড়ঝাঁপ করছেন। এতে সংবাদকর্মী ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠেছে—নওগাঁ জেলা প্রেসক্লাবে আসলেই কি ‘মধু’ আছে?

জানা গেছে, জেলা শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত প্রেসক্লাবটিতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, নেতৃত্ব দীর্ঘায়িত করতে বিভিন্ন সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী ও তাদের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ এনে বহিষ্কার করেছেন। এমনকি তাদের প্রেসক্লাবে প্রবেশাধিকারও বন্ধ করা হয়েছে।

এদিকে, নিজেদের অনুসারীদের সদস্যপদ দিয়ে ভোটার সংখ্যা বাড়ানো এবং বিরোধী পক্ষের ভোটার কমানোর অভিযোগও রয়েছে। ফলে অনেক সিনিয়র সদস্য সদস্যপদ হারিয়েছেন। পাশাপাশি নতুন প্রজন্মের বহু সাংবাদিক, যারা বিভিন্ন টিভি চ্যানেল ও জাতীয় পত্রিকায় কর্মরত, তারাও সদস্যপদ থেকে বঞ্চিত হয়েছেন। এ সংখ্যা প্রায় ৩০ জন বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে, বঞ্চিত সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে ২০২৫ সালে তালা ভেঙে প্রেসক্লাবে প্রবেশ করে নতুন তালা লাগিয়ে জেলা প্রশাসকের কাছে চাবি জমা দেন। এতে প্রায় ১৫ দিন প্রেসক্লাব বন্ধ থাকে। পরে জেলা প্রশাসকের মধ্যস্থতায় নির্বাচন আয়োজন, বহিষ্কৃতদের পুনর্বহাল এবং যোগ্য সাংবাদিকদের সদস্যপদ দেওয়ার শর্তে সমাধান হয়।

তবে অভিযোগ রয়েছে, নতুন কমিটি গঠনের পর এসব শর্ত বাস্তবায়ন করা হয়নি। বরং পুনরায় কয়েকজনকে বহিষ্কার করা হয়। এর ধারাবাহিকতায় গত ৩ মার্চ বহিষ্কৃত সদস্যরা অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবিরকে আহ্বায়ক করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন। অপরদিকে, সদ্য বিলুপ্ত কমিটি ২৯ মার্চ প্রফেসর ওয়ালিউল ইসলামকে আহ্বায়ক করে আরেকটি কমিটি ঘোষণা করে।

এতে করে পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকলে প্রশাসনিক যোগাযোগ, তদবির, ব্যক্তিগত সুযোগ-সুবিধা এবং নিয়োগ সংশ্লিষ্ট নানা প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়। এসব কারণেই নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব দীর্ঘায়িত হচ্ছে বলে অনেকে মনে করছেন।

বহিষ্কৃত সদস্যদের পক্ষের আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক করতোয়া প্রতিনিধি নবীর উদ্দীন বলেন, “আমাকে না জানিয়ে আহ্বায়ক কমিটিতে নাম দেওয়া হয়েছে। আমি এসব দ্বন্দ্ব চাই না। প্রেসক্লাব আমাদের প্রাণের সংগঠন। সবাই মিলে সুন্দরভাবে এটি পরিচালিত হোক।”

সদ্য বিলুপ্ত কমিটির পক্ষের আহ্বায়ক প্রফেসর ওয়ালিউল ইসলাম বলেন, “আমরা চাই না নওগাঁর বদনাম হোক। দুই পক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করবে। আশা করি দ্রুত একটি ভালো সমাধান আসবে।”

নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি আশরাফুল নয়ন বলেন, “গত বছরও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। জেলা প্রশাসকের উদ্যোগে সমাধান হলেও তা বাস্তবায়ন না হওয়ায় আবারও সংকট তৈরি হয়েছে। নেতৃত্ব ধরে রাখার লড়াইয়ে অসাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “এটি সাংবাদিকদের অভ্যন্তরীণ বিষয়। নিজেরা সমাধান না করলে সমাধান করা কঠিন। তবে সবাই সমাধানের উদ্দেশ্যে এগিয়ে এলে প্রশাসন সহযোগিতা করবে।”

বর্তমান পরিস্থিতিতে দ্রুত স্থায়ী সমাধান চান স্থানীয় সংবাদকর্মী ও সচেতন নাগরিকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com