একসময়কার পরিচিত মুখ শিশুশিল্পী সিমরিন লুবাবা বেশ কিছুদিন আগেই শোবিজ অঙ্গন থেকে সরে দাঁড়িয়েছেন। সম্প্রতি নতুন জীবনে পা রেখে আবারও আলোচনায় এসেছেন তিনি। তবে তার এই বিয়ে ঘিরে বাল্যবিবাহের অভিযোগ উঠেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
মাত্র ১৫ বছর বয়সে বিয়ের খবর সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে—এটি আইনত বৈধ কি না।
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, কন্যার ন্যূনতম বিবাহযোগ্য বয়স ১৮ বছর এবং পুরুষের ক্ষেত্রে ২১ বছর। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, কোনো পক্ষ অপ্রাপ্তবয়স্ক হলে সেই বিবাহকে বাল্যবিবাহ হিসেবে গণ্য করা হয়।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আজমীর সুমী গণমাধ্যমে বলেন, “কন্যার বয়স ১৮ বছরের নিচে হলে কাজি সেই বিয়ে নিবন্ধন করতে পারেন না। আর নিবন্ধন ছাড়া কোনো বিয়ে আইনত বৈধ নয়। বয়স গোপন করে বিয়ে হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।”
তিনি আরও জানান, বিদেশে গিয়ে কোর্ট স্ট্যাম্পে বিয়ে করলেও সেটি বাংলাদেশের আইনে বৈধ বিবাহ হিসেবে স্বীকৃত নয়; বরং তা ‘লিভ টুগেদার’ হিসেবে বিবেচিত হতে পারে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২১ সালে লুবাবা চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন এবং ২০২৩ সালেও তিনি স্কুলে অধ্যয়নরত ছিলেন। এসব তথ্য বিবেচনায় নিলে বাংলাদেশের আইনে তার বিয়ের বয়স পূর্ণ হয়নি বলে ধারণা করা হচ্ছে।
আইন অনুযায়ী, বাল্যবিবাহ সম্পাদন বা এতে অংশগ্রহণ করলে (প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে) সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। অর্থাৎ লুবাবার স্বামী প্রাপ্তবয়স্ক হলে তার ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হতে পারে।
অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে সর্বোচ্চ ১ মাসের আটকাদেশ বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে অপ্রাপ্তবয়স্ককে শাস্তি না দেওয়ার বিধানও রয়েছে।
এ ছাড়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা ৩০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
সব মিলিয়ে অভিযোগ প্রমাণিত হলে সিমরিন লুবাবা-র ক্ষেত্রে সর্বোচ্চ ১ মাসের আটক বা ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে। আর তার স্বামী প্রাপ্তবয়স্ক হলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার মুখোমুখি হতে পারেন।