পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
তিনি বলেন, কৃষকদের জন্য সার ও বীজ প্রণোদনা কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে, যাতে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্ব না থাকে এবং প্রকৃত কৃষকরা সময়মতো সহায়তা পান।
শুক্রবার (৩ এপ্রিল) কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুম উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ভৈরব উপজেলায় প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সকালে কুলিয়ারচর এবং বিকেলে ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
কুলিয়ারচরে ১,৮০০ কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পাশাপাশি ১,৯০২ কৃষককে উন্নতমানের তোষা পাটের বীজ প্রদান করা হয়। ভৈরবেও একই ধরনের প্রণোদনা বিতরণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, পাট শুধু একটি ফসল নয়, এটি দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক। একসময় ‘সোনালি আঁশ’ হিসেবে পরিচিত এই ফসলকে আবারও বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নিজ হাতে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করেন।
এর আগে তিনি কুলিয়ারচরের কালী নদীতে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন এবং লঞ্চঘাট এলাকার পরিস্থিতি ঘুরে দেখেন। এছাড়া কুলিয়ারচর ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নিয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সফর শেষে প্রতিমন্ত্রী ভৈরব থেকে সড়কপথে ঢাকার উত্তরার নিজ বাসভবনের উদ্দেশে রওয়ানা হন।