কালিহাতী উপজেলার এক প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক কলেজপড়ুয়া তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের টেবি গ্রামে গত বৃহস্পতিবার দুপুর থেকে প্রেমিক কামরুল ইসলাম (২২)-এর বাড়িতে অবস্থান নিয়ে টানা দুই দিন ধরে অনশন করছেন ওই তরুণী।
অনশনরত কলেজছাত্রী জানান, প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক কামরুল ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন তা অস্বীকার করছেন। তার পরিবারও এই সম্পর্ক মেনে নিচ্ছে না। এ অবস্থায় বাধ্য হয়ে তিনি প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এদিকে, ঘটনার পর থেকে প্রেমিক কামরুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার মা রওশনা বেগম বলেন, ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক সম্পর্কে তারা অবগত নন। যদিও মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু মেয়ের পরিবারের পক্ষ থেকে চিকিৎসা খরচ বাবদ মাসে ৪০ হাজার টাকার কথা উল্লেখ করায় তারা প্রস্তাবটি গ্রহণ করেননি।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, গত দুই দিন ধরে ওই কলেজছাত্রী বিয়ের দাবিতে কামরুল ইসলামের বাড়িতে অনশন করছেন। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি তৌফিক আজম বলেন, এ ঘটনায় ওই কলেজছাত্রীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।