নওগাঁ জেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় জেলার হামের হটস্পট হিসেবে চিহ্নিত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। আলোচনা সভা শেষে তিনি টিকাদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) শ্যামলি রানী বর্মন এবং অফিসার ইনচার্জ জিয়াউর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আতঙ্কিত না হয়ে শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণ হামের টিকা মজুদ রয়েছে। একই সঙ্গে অন্য উপজেলার শিশুদের এই ক্যাম্পেইনে টিকা নিতে না আসার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, আক্রান্তের হার বেশি হওয়ায় পোরশা উপজেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ উপজেলায় ১৮ হাজার ভায়েল টিকা সরবরাহ করা হয়েছে, যার মাধ্যমে ৫ থেকে ৫৯ মাস বয়সী ১৭ হাজার ৭৮০ জন শিশুকে টিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ১২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ১০ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে, যাদের বয়স ৫ থেকে ১০ মাস। নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও ৫ বছর পরপর বুস্টার ডোজ না দেওয়াকে সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
পরবর্তীতে জেলার নিয়ামতপুর উপজেলায়ও এ টিকাদান কার্যক্রম চালানো হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিকে, সন্তানের সুস্থতা নিশ্চিত করতে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কেন্দ্রে ভিড় করছেন।