নওগাঁ জেলায় জ্বালানি তেলের কালোবাজারি রোধে ‘ফুয়েল অ্যাপ’-এর মাধ্যমে তেল বিক্রি কার্যক্রম শুরু করেছে ফিলিং স্টেশনগুলো। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু হয়।
নওগাঁ শহরের মুক্তির মোড়ে অবস্থিত সাকিব ফিলিং স্টেশনে প্রথমে এই অ্যাপভিত্তিক কার্যক্রম শুরু করা হয়। অ্যাপের মাধ্যমে প্রতিটি গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সরবরাহের পাশাপাশি গাড়ির তথ্য, মাইলেজ এবং তেল নেওয়ার হিসাব সংরক্ষণ করা হচ্ছে। ফলে একজন গ্রাহক একাধিকবার তেল নিতে পারছেন না, যা কালোবাজারি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার থেকে পর্যায়ক্রমে জেলার সব পেট্রোল পাম্পে এই পদ্ধতি চালু করা হবে। অ্যাপের মাধ্যমে জ্বালানি গ্রহণের ক্ষেত্রে গাড়ির লাইসেন্স নম্বর, তেলের পরিমাণ এবং মাইলেজ সংরক্ষিত থাকবে। প্রাথমিকভাবে একটি মোটরসাইকেলে একবারে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে এবং ১২৫ কিলোমিটার চালানোর পর পুনরায় তেল নেওয়ার সুযোগ থাকবে। এর আগে অন্য কোনো পাম্প থেকে তেল নিতে গেলে অ্যাপের মাধ্যমে তা শনাক্ত করা যাবে।
সাকিব ফিলিং স্টেশনের ম্যানেজার আল আমিন জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ গ্রহণের পর থেকেই অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে। এতে করে কেউ একাধিকবার তেল নিতে পারবে না এবং জ্বালানির অপব্যবহার ও কালোবাজারি কমবে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন বলেন, “সকাল থেকেই সদর উপজেলার ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে। কেউ যদি গাড়ি না চালিয়ে তেল মজুত করার চেষ্টা করে, তা এই অ্যাপের মাধ্যমে ধরা পড়বে। প্রতিটি স্টেশনে ট্যাগ অফিসার নিয়োজিত রয়েছে, যারা সার্বক্ষণিক মনিটরিং করছেন।”
তবে নতুন এই পদ্ধতিতে স্বচ্ছতা বাড়লেও ভোগান্তি পুরোপুরি কমেনি। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার পর অ্যাপে তথ্য সংযুক্ত করতে গিয়ে আরও সময় ব্যয় হচ্ছে। এতে করে বাড়তি বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের।
অন্যদিকে, অনেক গ্রাহক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, অ্যাপভিত্তিক এই ব্যবস্থা চালু থাকলে জ্বালানি মজুত ও অপব্যবহার বন্ধ হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।