ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ এর নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিভিন্ন কেন্দ্রে চলছে ভোট গণনা। বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় নির্ধারিত সময়ে দুই আসনের ভোটগ্রহণ শুরু হয়েছিল, যা একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে।
নির্বাচনে বড় ধরনের কোনো গোলযোগের খবর না পাওয়া যায়নি। তবে ভোটে অনিয়মের বিভিন্ন অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থীরা।
এর মধ্যে ভোট বর্জন করেছেন শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান।
আর দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ‘পক্ষপাতদুষ্ট’ আচরণ, আগেই ফলাফল শিটে স্বাক্ষর করে রাখাসহ কিছু অভিযোগ করেছেন বগুড়া-৬ এর প্রার্থী আবিদুর রহমান সোহেল।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। তফসিল ঘোষণার পর শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট স্থগিত হয়েছিল।
অন্যদিকে বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় এখন সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ভোটগ্রহণ শেষে বগুড়ার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।