টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি সিসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার আজগানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় কারখানা চালু করায় সেটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এতে করে আশপাশের এলাকায় তীব্র পরিবেশ দূষণ ও শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ। তিনি জানান, জনস্বার্থে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কয়েক মাস আগে একই কারখানাটি বন্ধ করে দেওয়া হলেও মালিকপক্ষ পুনরায় গোপনে কার্যক্রম শুরু করে। ফলে পুনরায় অভিযান চালিয়ে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করেন। দীর্ঘদিনের দূষণ থেকে মুক্তি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।