“নওগাঁর লেখক, নওগাঁর বই” প্রতিপাদ্যে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্ক গেটে বইমেলার উদ্বোধন করেন বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী।
নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নওশাদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, আবৃত্তি পরিষদের সভাপতি বাচিক শিল্পী কায়েস উদ্দীন, কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ, সাংস্কৃতিক ঐক্যের সভাপতি কথাসাহিত্যিক মনোয়ার লিটন, জহির রায়হান চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক রহমান রায়হান এবং কলেজ অধ্যক্ষ আরিফুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গল্পকার হারিব রতন, কবি রোকয়া শাকিলা, রবিউল মাহমুদ, রিমন মোরশেদ, আসলাম হোসেন, গুলজার রহমান ও সোহাগ হোসেনসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, বইমেলায় জেলার প্রায় ৭০ জন লেখকের অন্তত ২০০টি বই স্থান পেয়েছে। এতে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ও শিশুতোষ বই রয়েছে। বইগুলোর মূল্য ১০০ থেকে ৪০০ টাকার মধ্যে।

নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন বলেন, এই মেলার উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে নওগাঁর লেখকদের তুলে ধরা এবং তাদের পরিচিতি বৃদ্ধি করা। পাশাপাশি তরুণদের মোবাইল ও সামাজিক মাধ্যমে আসক্তি থেকে বের করে সাহিত্যচর্চায় আগ্রহী করে তোলাও এর লক্ষ্য।
সভাপতি ড. আইয়ুব আলী বলেন, বাংলা সাহিত্যের সূচনা নওগাঁর সোমপুর বিহার থেকে চর্যাপদের মাধ্যমে—যা অনেকেরই অজানা। বর্তমানে এ জেলার অনেক লেখকের বই বিশ্ববিদ্যালয়ে সহায়ক গ্রন্থ হিসেবে পড়ানো হয়। নওগাঁয় শতাধিক কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক রয়েছেন। তাদের দেশব্যাপী পরিচিত করাই আমাদের লক্ষ্য।
বইমেলায় নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে আগত লেখকদের অংশগ্রহণে এটি এক মিলনমেলায় পরিণত হয়। মেলা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।