আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন স্টেডিয়াম থেকে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রা শেষে পুরাতন স্টেডিয়ামে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও চিরায়ত সৌন্দর্য তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিল্পীদের পরিবেশনায় দর্শনার্থীরা মুগ্ধ হন।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষ উদযাপন হয়ে ওঠে প্রাণবন্ত।
আয়োজকরা জানান, বাংলা নববর্ষের এ আয়োজন শুধু উৎসব নয়, বরং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য বহিঃপ্রকাশ। নতুন বছরের আগমনে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।