রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নৌপথে ৪২% পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন লঞ্চমালিকেরা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন কাজের শুভ উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলা: ১ হাজারের বেশি গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত নতুন জোটের পথে এনসিপি: তিন প্ল্যাটফর্মের ৪৪ নেতা যোগ দিলেন পাকুন্দিয়ায় হুইল চেয়ার ও টিউবওয়েল বিতরণ অনিশ্চয়তায় রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে

নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
নওগাঁয় অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে পাল্টাপাল্টি মানববন্ধন

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে একই ঘটনায় ডিউটিরত নার্সিং কর্মকর্তাদের হেনস্থা, প্রাণনাশের হুমকি এবং ইন্টার্ন নার্সদের শারীরিকভাবে নির্যাতনের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে রোগীর মৃত্যুর অভিযোগ তুলে ‘নওগাঁ নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের’ ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত শুক্রবার (১৭ এপ্রিল) আমাদের সহযোদ্ধা সুজন কুমার মন্ডলের মাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভালো চিকিৎসা পাওয়ার আশায় তাকে হাসপাতালের সবচেয়ে ভালো কেবিনে ভর্তি করানো হয়। ভর্তির পরে তারা আমাদেরকে বলে রোগীকে রক্ত দিতে হবে। সন্ধ্যার আগে আগে রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। তখন নার্সদের ডেকে আনলে কেবিনে যে অক্সিজেন লাইন রয়েছে, সেই অক্সিজেন মাস্ক তারা রোগীকে পরিয়ে দেয়। অক্সিজেন মাস্ক লাগানোর ১৫-২০ মিনিট পেরিয়ে গেলেও রোগীর অস্থিরতা কাটে না। তখন রোগীর লোকজন মাস্ক খুলে দেখে সেটিতে কোনো অক্সিজেন আসছে না। বিষয়টি নার্সদের জানানোর পরেও তারা গল্প-গুজবে মেতে থাকে। এক পর্যায়ে ৪০-৪৫ মিনিট ছটফট করার পরে রোগীর মৃত্যু হয়। এটি একটি পরিকল্পিতভাবে হত্যা। কারণ নার্সরা জানতো ওই লাইনে অক্সিজেন আসে না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই।

সমাবেশে বক্তারা দাবি জানিয়ে বলেন, অক্সিজেন সংকটের নামে রোগী হত্যার সুষ্ঠু তদন্ত করতে হবে। দায়িত্বে অবহেলাকারী এবং দুর্ব্যবহারকারী নার্স ও হাসপাতাল স্টাফদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসপাতালে বহিরাগত প্রভাব ও দালাল চক্র নির্মূলে ব্যবস্থা নিতে হবে। হাসপাতালকে দুর্নীতিমুক্ত ও সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রতিবাদ সমাবেশে এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সেক্রেটারি মুফতি ইসরাফিল আলম, উপদেষ্টা খন্দকার রেজাউর রহমান টুকু, বাসদের জেলা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, ভাসানী পরিষদ নওগাঁর আহ্বায়ক জাহিদ রাব্বানী রশিদসহ অন্যরা বক্তব্য রাখেন।

এদিকে একই ঘটনায় ডিউটিরত নার্সিং কর্মকর্তাদের হেনস্থা, প্রাণনাশের হুমকি এবং ইন্টার্ন নার্সদের ওপর শারীরিক নির্যাতনের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে নার্সিং কর্মকর্তা, ইন্টার্ন নার্স ও ছাত্র-ছাত্রীদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সিনিয়র স্টাফ নার্স এবং ইন্টার্ন নার্সরা ডিউটিরত অবস্থায় ছিলেন। রোগীর যা যা চিকিৎসার প্রয়োজন, সব চিকিৎসাই দেওয়ার পরেও রোগীর অবস্থা খারাপ হয় এবং রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ইস্যুকে কেন্দ্র করে এনসিপির নাম ভাঙিয়ে মাহবুব হাসান সোহাগ নামে একজন আমাদের ওপর হামলা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমাদের একজন ইন্টার্ন নার্সের গায়ে তিনি হাত তোলেন এবং তাকে মারধর করেন। আমাদের নারী নার্সদেরকেও মারধর করার জন্য এগিয়ে আসেন। বহিরাগত ছেলেপেলে এনে হাসপাতালে তিনি মব সৃষ্টি করে আমাদেরকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেন। আমরা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি। আমরা অবিলম্বে এ ঘটনায় সোহাগের বিচার চাই।

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স ইয়ামিন হাসান বলেন, মাগরিবের নামাজ পড়ে উপরে এসে দেখি কেবিনে অনেক হৈচৈ হচ্ছে। সোহাগ নামে একজন এনসিপির প্রভাবশালী নেতা আমাদের সিনিয়র নার্সদের অকথ্য ভাষায় বকাঝকা করছিলেন। এ সময় আমি সেখানে উপস্থিত হই। তখন তিনি আমাকে হাত ধরে ৮০৮ নম্বর কেবিনে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সিনিয়র স্টাফ নার্স শবনম মুস্তারি বলেন, আমাদের সেবার স্থানে সুস্থ পরিবেশ চাই। নিরাপত্তার সাথে আমরা ডিউটি পালন করতে চাই। কেউ এসে আমাদের মারধর করবে, অকথ্য ভাষায় গালিগালাজ করবে—এভাবে তো আমরা সেবা দিতে পারবো না। এই ঘটনার দ্রুত বিচার না হলে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবো।

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. বারিউল হায়দার বলেন, যে রোগীটি ভর্তি ছিল, তার সিভিয়ার অ্যানিমিয়া ছিল। রক্তস্বল্পতার পাশাপাশি অন্যান্য রোগও ছিল। রোগী দুপুরে ভর্তি হওয়ার পর থেকে তার প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীর লোকজন যে অভিযোগ করছে অক্সিজেনের অভাবে রোগী মারা গেছে, এটি তাদের ধারণা থেকে বলা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তাদের অভিযোগ জানানোর অধিকার আছে, কিন্তু কাউকে মারধর করে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। আমরা আমাদের কর্মস্থলের নিরাপত্তা চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ বলেন, সহযোদ্ধা সুজন কুমার মন্ডলের মায়ের মৃত্যুর খবর শুনে দ্রুত হাসপাতালে যাই। সেখানে গিয়ে একটি ইসিজি করাই। ইসিজিতে মিনিমাম হার্টবিটের একটি অস্তিত্ব পাই। সেখানে একজন পুরুষ নার্স ছিল। আমি তাকে বলি, ভাই আপনি দ্রুত সময়ের মধ্যে ইমারজেন্সি ডাক্তারকে ডেকে আনেন। সে তখন বলে, তার ডিউটি ৮ তলায়, সে নিচতলায় যাবে না। তখন আমি ওই নার্সকে চড় মারি। পরে সে ইমারজেন্সি ডাক্তারকে ডেকে আনে। জাতির কাছে আমার প্রশ্ন—ইমারজেন্সি ডাক্তারকে ডাকা কি রোগীর লোকজনের দায়িত্ব, নাকি নার্সদের দায়িত্ব? ইমারজেন্সি ডাক্তার এসে রোগীকে দেখে মৃত্যু ঘোষণা করেন এবং নার্সদের বকাবকি করেন।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, ঘটনার সময় আমি ছুটিতে ছিলাম, তাই এখন এ বিষয়ে কিছু বলতে পারছি না। এ ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে ঘটনার সঠিক কারণ জানা যাবে। তদন্তে কারও বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিললে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com