সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

ম্যাচটি হয়ে উঠেছিল বাঁচা-মরার লড়াই। তারচেয়ে বেশি, সমালোচনার হাত থেকে বাঁচা। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ওয়ানডেতে মর্যাদা ফিরে পেয়েছে স্বাগতিকরা। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে জয় তুলে নিয়েছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা বাংলাদেশের।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। নাহিদ রানার গতির ঝড়ে কুপোকাত হয়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ৩৫.৩ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান করে বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। নাথান স্মিথকে দুটি চার মেরে উড়ন্ত শুরুর আভাস দিয়েছিলেন। কিন্তু ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ। ফেরার আগে ৬ বলে ৮ রান করেন তিনি।

দুই সিরিজ পরে একাদশে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। দেখেশুনে শুরু করার পরও উইকেটে থিতু হতে পারেননি তিনি। ১১ বলে ৮ রান করে ফিরেছেন উইলিয়াম ও’রুর্কের বলে ডিন ফক্সক্রফটকে ক্যাচ দিয়ে।

একপ্রান্তে অবিচল ছিলেন তানজিদ হাসান তামিম। হেসেছে তার ব্যাট। মন্থর পিচেও রানের ফুলঝুড়ি ছুটিয়েছেন তামিম। জেইডেন লেনক্সের বলে ফক্সক্রফটকে ক্যাচ দেওয়ার আগে শাসিয়েছেন কিউই বোলারদের। ৫৮ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস সাজিয়েছেন ১০টি চার ও ৪টি ছক্কায়।

ফিফটি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৭১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হন তিনি। বাকি কাজটা করেন তাওহিদ হৃদয়। ৩১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ২৫ বলে ৮ রানে।

কিউইদের পক্ষে লেনক্স দুটি এবং স্মিথ ও উইল নেন একটি করে উইকেট।

বল হাতেও শুরুটা ভালো হয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের ওপেনিং জুটিকে থিতু হতে দেননি বোলাররা। অষ্টম ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। কিউই ওপেনার হেনরি নিকোলস ২৬ বলে ১৩ করে লেগবিফোর হন নাহিদের বলে।

২৫ রানে প্রথম উইকেট পতনের পর দ্রুতই দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। উইল ইয়ংকেও সাজঘরের পথ দেখান নাহিদ। নাহিদের প্রায় ১৪৭ কিলোমিটার গতির বাউন্সারে পরাস্ত হয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন ইয়ং। ৭ বলে ২ করে ইয়ং ফিরলে ২৮ রানে ২ উইকেটে পরিণত হয় কিউইরা।

দুই উইকেট হারিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন নিউজিল্যান্ডের ওপেনার টম লাথাম আর নিক কেলি। দেখেশুনে খেলে তৃতীয় উইকেটে ৫০ বলে ২৪ রানের জুটি গড়েছিলেন তারা। সেই জুটি ভয়ঙ্কর হওয়ার আগেই ভেঙে দিয়েছেন সৌম্য। ১৮তম ওভারে সৌম্যর স্টাম্পে পড়া বল বেরিয়ে যাওয়ার পথে বাঁহাতি ল্যাথামে ব্যাটে লেগে পেছনে যায়। লিটন সামনে হাত বাড়িয়ে নিচু হয়ে বল গ্লাভসবন্দি করেন। আম্পায়ার কয়েকবার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন।

দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আবার শিকার নাহিদের। টাইগার পেসারের গতিময় বাউন্সারে পরাস্ত হন মোহাম্মদ আব্বাস। আব্বাস ফেরেন ৩৪ বলে ১৯ রান করে। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের মাথা ব্যথ্যার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন নিক কেলি। হাফসেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে ছুটছিলেন তিনি। আর বেশি যেতে দেননি শরিফুল ইসলাম। বাংলাদেশের পথে কাটা সরিয়েছেন বাঁহাতি পেসার।

৩৭তম ওভারে শরিফুলকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন কেলি। এতে থেমেছে এই কিউই ওপেনারের ১০২ বলে ৮৩ রানের ইনিংস। পরের ওভারে বোলিংয়ে এসে কিউই শিবিরে আঘাত হানেন রিশাদ।

নয় নম্বরে নেমে দ্রুত বাড়ানোর চেষ্টা করছিলেন ব্লেয়ার টিকনার। তাকেও বেশি দূর যেতে দেননি শরিফুল ইসলাম। ১১ বলে ১২ রান করে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। পরের ওভারে বোলিংয়ে এসে আবারও উইকেট তুলে নেন নাহিদ। পূর্ণ করেন ফাইফার।

বাংলাদেশের পক্ষে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদ। শরিফুল দুটি এবং রিশাদ, তাসকিন ও সৌম্য পান একটি করে উইকেট।

কিউইরা থেমেছে ২০০ রানের আগে। বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন। মান বাঁচাতে হাল ধরতে হবে ব্যাটারদের।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ৪৮.৪ ওভারে ১৯৮/১০ (নিকোলস ১৩, কেলি ৮৩, ইয়ং ২, লাথাম ১৪, আব্বাস ১৯, ফক্সক্রফট ১৫, ক্লার্কসন ৬, টিকনার ১২, লিনক্স ০, ও’রুর্ক ৬, স্মিথ ১৮*; তাসকিন ৯.৪-১-৪৬-১, শরিফুল ১০-১-৩২-২, নাহিদ ১০-১-৩২-৫, সৌম্য ৪-০-২৭-১, মিরাজ ১০-০-৩৮-০, রিশাদ ৫-০-২১-১)

বাংলাদেশ : ২৫.৩ ওভারে ১৯৯/৪ (সাইফ ৮, তামিম ৭৬, সৌম্য ৮, শান্ত ৫০, লিটন ৭, হৃদয় ৩০*, মিরাজ ; স্মিথ ৭-০-৪৬-১, ও’রুর্ক ৭-০-৪১-১, টিকনার ৫-০-৩৫-০, ফক্সক্রফট ৫.৩-০-২৬-০, লিনক্স ৯-২-৩৬-২, ক্লার্কসন ২-০-১১-০)

ফলাফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com