কিশোরগঞ্জের নিকলীর উপজেলার বেড়িঁ বাধে দাড়িঁয়ে দেখা যায় যেখানে আকাশ আর জলের মিতালি করে খেলা
এখানে আকাশ নীল- নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল
ফুটে থাকে হিম সাদা- রং তার আশ্বিনের আলোর মতন;
আকন্দফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ
রৌদ্রের দুপুর ভরে;- বারবার রোদ তার সুচিক্বণ চুল
কাঁঠাল জামের বুকে নিঙড়ায়ে;- দহে বিলে চঞ্চল আঙুল
বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন,
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ‘এখানে আকাশ নীল’র প্রতিটি পংক্তি মূর্ত হয়ে উঠেছে কিশোরগঞ্জের নিকলীর হাওর এলাকায়।
নিকলী উপজেলার বেড়িবাধেঁ হাওরের নীল জলরাশি আর সাদা মেঘ ওড়া আকাশনীলের অপূর্ব সম্মিলন তৈরি করে অপূর্ব সৌন্দর্য।
নিকলীর হাওরাঞ্চলে নীল আকাশের সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের সবসময় মুগ্ধ করলেও, বর্ষায় হাওরের বিস্তীর্ণ নীলাভ জলরাশির সঙ্গে সাদা মেঘ ওড়া আকাশ নীলের মিলিত সৌন্দর্য আরো বেশি উপভোগ্য হয়ে ওঠে।
বর্ষার এ সময়টায় হাওরে নৌকায় বসে তপ্ত দুপুরে রোদের ঝিলিক আর মাঝে-মধ্যেই নীল আকাশে দলছুট সাদা মেঘের ওড়াওড়ি মন্ত্রমুগ্ধ করে তোলার মতো। বর্ষায় হাওরের আকাশ আর নীলের এ মিতালি অবলোকন করা যায় হাওরের যেকোনো স্থান থেকে। সরেজমিনে হাওর ঘুরে দেখা যায়, নিকলীর উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন বর্ষার পানিতে টইটম্বুর। যতোদূর চোখ যায় পানি আর পানি, আর মাথার ওপরে আকাশে নীলের ভিড়ে সাদা মেঘের ভেলা।
বির্স্তীর্ণ হাওরে কোথাও কোথাও কিছু বসতি, দূর থেকে দেখলে মনে হয় কোনো দ্বীপ। এসব বসতিতে বসবাসকারী মানুষের বর্ষার পুরোটা সময় যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নৌকা বা ইঞ্জিনচালিত ট্রলার। বর্ষায়, বিশেষ করে হাওরের সৌন্দর্য এখানকার বাসিন্দাদের তেমন আলোড়িত করে না। তবে প্রতিনিয়তই হাওরের রূপ-সুধা পান করতে দেশের বিভিন্ন প্রান্ত ছুটে আসেন কয়েক হাজার প্রকৃতিপ্রেমীরা।
ভরা বর্ষায় হাওরের ভরদুপুরের সৌন্দর্যও দেখার মতো। মাঝে-মধ্যেই মৃদু বাতাসে হাওরের পানিতে ছোট ছোট ঢেউ খেলা করে। বয়ে যায় হালকা শীতল হাওয়া। এর টানেই ছুটে আসেন পর্যটকরা। ঘুরে বেড়ান হাওরের বুকে, দ্বীপসদৃশ লোকালয়ে।
হাওর নিয়ে কথা হয় নিকলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তারের তিনি জানান, হাওর বাংলাদেশের নাভিমূল। হাওরের আকাশ-বাতাস, প্রকৃতিই হলো বাংলাদেশ। হাওরকে না দেখলে বাংলাকে চেনা যাবে না। বাংলার প্রকৃত রূপ দেখতে হলে হাওরে আসা উচিত বলে মত তার।