টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক কিশোরীর শারীরিক ও আচরণগত পরিবর্তন ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার জার্মুকী ইউনিয়নের আগধল্ল্যা এলাকায় ১৩ বছর বয়সী নুম্নি আক্তার নামের এক মাদ্রাসাছাত্রীর পরিবর্তনকে কেন্দ্র করে কৌতূহলের সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, এতদিন তাকে মেয়ে হিসেবে জানা গেলেও সম্প্রতি সে নিজেকে ছেলে হিসেবে পরিচয় দিচ্ছে এবং তার আচরণ ও পোশাকেও পরিবর্তন এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ছোটবেলা থেকেই নুম্নিকে মেয়ে হিসেবেই দেখা হয়েছে। তবে হঠাৎ করে তার এই পরিবর্তনে তারা বিস্মিত।
পরিবার সূত্রে জানা যায়, তিন কন্যার মধ্যে বড় নুম্নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তনের পর পরিবার তাকে নতুন নাম ‘নুর নবী’ দিয়েছে। বিষয়টিকে তারা সৃষ্টিকর্তার দান হিসেবে দেখছেন।
এদিকে, এলাকাবাসীর অনেকেই বিষয়টিকে অলৌকিক ঘটনা হিসেবে বিবেচনা করলেও এখনো এ বিষয়ে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত পাওয়া যায়নি।
চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে, বয়ঃসন্ধিকালে হরমোনজনিত পরিবর্তনের কারণে কখনো কখনো বাহ্যিক লিঙ্গ বৈশিষ্ট্যে পরিবর্তন দেখা দিতে পারে। এছাড়া কিছু ক্ষেত্রে জন্মগত জৈবিক অবস্থার (ইন্টারসেক্স) বিষয়ও থাকতে পারে, যা নিশ্চিত হতে প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষা।
বর্তমানে ঘটনাটি দেখতে বাদশা মিয়ার বাড়িতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। এদিকে সংশ্লিষ্ট কিশোরটি সামাজিক স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।