শাহাদৎ হোসেন মিশুক, গাইবান্ধা :
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ঈদের আগেই গাইবান্ধার ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করে আবারও পূর্বের ন্যায় রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে। ঈদের আগেই ক্ষতিগ্রস্থ রেলপথ মেরামত করে ঈদে ঘরমুখো মানুষের চলাচল স্বাভাবিক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। তাই রেলওয়ের জনবলের পাশাপাশি দ্রুত ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হয়েছে।
শুক্রবার দুপুরে গাইবান্ধার বাদিয়াখালীতে বন্যায় বিধ্বস্ত রেলপথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি। তিনি আরও বলেন, ঢাকার সাথে এই অঞ্চলের রেল যোগাযোগ গতিশীল করতে প্রয়োজনে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন রংপুর এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেসে ডাবল করে দ্বি-মূখী ট্রেন সার্ভিস চালু করা হবে। নতুন করে প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে ৮ আগস্টের মধ্যে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে বলে জানান মন্ত্রী। এসময় তার সাথে সচিবসহ রাজশাহীস্থ পশ্চিমাঞ্চল রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাসহ লালমনিরহাট রেলবিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৭ জুলাই বন্যার পানিতে রেলপথ ক্ষতিগ্রস্থ হওয়ায় বাদিয়াখালী রেল স্টেশনের উত্তর পাশে আটকে থাকা পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধার বাদিয়াখালী রেল স্টেশনে নিয়ে আসার মাধ্যমে রেল পথের আংশিক মেরামত অংশের উদ্বোধন করেন রেলমন্ত্রী। রেলওয়ের অফিস জানিয়েছে, গত ১৭ জুলাই বিধ্বস্ত হওয়া ওই রেলপথে মাটি ধ্বসে ও পাথর সরে গিয়ে প্রায় এক হাজার ফুট রেল লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ওইদিন থেকে লালমনিরহাট-সান্তাহার রুটে সকল ট্রেন এবং রাজধানী ঢাকার সাথে গাইবান্ধার সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বন্যার পানিতে ১৭ জুলাই ত্রিমোহিনী-বাদিয়াখালী রেলপথ ক্ষতিগ্রস্ত হলে বিকল্প উপায়ে রংপুর-পার্বতীপুর-শান্তাহার দিয়ে ঢাকায় চলাচল শুরু করে রংপুর ও লালমনি এক্সপ্রেস ট্রেন দুটি। এতে চরম ভোগান্তিতে পড়েন রেল যাত্রীরা। আসন্ন ঈদুল আজহার আগে ওই রেল পথ চালুর প্রত্যাশা কর্তৃপক্ষের।
এদিকে বিকল্প ব্যবস্থা হিসেবে লালমনিরহাট ও দিনাজপুর থেকে ডাউন ট্রেনগুলো গাইবান্ধা স্টেশন পর্যন্ত চলাচল করছে। অপরদিকে সান্তাহার জংশন থেকে বোনারপাড়া পর্যন্ত মেইল ও লোকাল ট্রেনগুলো চলাচল করছে। গাইবান্ধা জেলার যাত্রীদের ঢাকা চলাচলের সুবিধার্থে গত ৩০ জুলাই গাইবান্ধার বোনারপাড়া-শান্তাহার রুটে বিশেষ শাটল ট্রেন চালু করা হয়েছে। এর মাধ্যমে আন্তঃনগর লালমনি ও রংপুর এক্সপ্রেসের যাত্রীরা শাটল ট্রেনে করে ওই দুই আন্তনগর ট্রেনে যাত্রা শুরু করেছেন। এছাড়াও রংপুর ও লালমনি এক্সপ্রেসের যাত্রীদের বোনারপাড়া থেকে শান্তাহারের মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের শান্তাহার জংশনে দুটি শাটল ট্রেনে করে প্রতিদিন পৌঁছে দেওয়া হচ্ছে।