কিশোরগঞ্জ পৌরসভার নাগরিক সেবা বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে রঙমহল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ দফায় দফায় ট্যাক্স বৃদ্ধি করছে, অথচ নাগরিক সেবা দিতে ব্যর্থ হচ্ছে। সারা শহর ময়লা আবর্জনায় ভরপুর। দুর্গন্ধে পথচলা দায় হয়ে পড়েছে, ছড়াচ্ছে রোগ জীবাণু।
তারা আরও বলেন, পৌর কর্মকর্তা কর্মচারীরা নাগরিক সেবা বন্ধ করে আন্দোলন করছেন। কিন্তু নাগরিকদেরকে জিম্মি করে আন্দোলন হয়না। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য পৌর মেয়রের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট শফীকুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, সিরাজুল ইসলাম সাত্তার, আব্দুর রহমান রুমী, নূরুল হুদা দুলাল, কামরুজ্জামান খান রিপন, রাজীব বণিক, মাহতাব উদ্দিন প্রমুখ।