কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসতঘরে ফাঁস নিয়ে রিফাত (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চরপাকুন্দিয়া ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন। দুই ভাইবোনের মধ্যে রিফাত ছিলেন একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর বৈদ্যুতিক পাখার সঙ্গে রিফাতকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
তবে কী কারণে রিফাত এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর একটি পোস্টে ‘পরাজিত’ শব্দটি লেখা ছিল বলে জানা গেছে।
রিফাতের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের পাশাপাশি তাঁর সহপাঠী ও বন্ধুরাও এ মৃত্যু মেনে নিতে পারছেন না। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাহত সহপাঠী ও বন্ধুরা ফেসবুকে আবেগঘন পোস্ট দিচ্ছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।