কিশোরগঞ্জের কুলিয়ারচরে বরিশাল থেকে ভুষি বোঝাই নৌকা নিয়ে পণ্য আনলোডের পর, নৌকায় রাত্রিযাপনের সময় ঘুমন্ত অবস্থায় ডাকাত দলের আক্রমণের শিকার হয় আপন দুই ভাই। এই সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই জুয়েল (২৫) মারাত্মক জখমের শিকার হয়েছে। তার দুই হাত ও এক পায়ের রগ কেটে দেয় ডাকাতদল। এসময় তাদের সাথে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
রবিবার (১৪ মার্চ) দিবাগত রাত সাড় তিনটার দিকে মানিকদী নৌ ঘাটে ঘটনাটি ঘটে। আক্রান্ত ব্যক্তিরা হলো, ১. জুয়েল (২৫) ও ২. হাফিজ (১৮) পিতাঃ আব্দুর রহিম থানা নাজিরপুর, জেলা পিরিজপুর। তারা দুইজন আপন ভাই।
আহত হাফিজ জানায়, তারা বরিশাল থেকে ভুসির ভাড়া নিয়ে নৌপথে কুলিয়ারচর এসেছিলো। সন্ধ্যায় তারা মালামাল আনলোড করে নৌকায় রাত্রিযাপনের উদ্দেশ্য ঘুমিয়ে পড়ে। সকাল হলে তারা আবার বরিশালের উদ্দেশ্যে রওনা হতো। কিন্তু রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ৩/৪ জন ডাকাত এসে আমার ভাইকে কুপাতে থাকে, এই সময় ভাইয়ের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। এসময় আমাকেও ডাকাতদলে এক সদস্য আঘাত করলে, আমি রামদাটা কই বলে হাতে লাঠি নিয়ে ডাকাতদের তাড়া করি, পরে ডাকাতদলা নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে ৯৯৯ কল দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে কুলিয়ারচর সরকারি হসপিটাল নিয়ে যায়।
এই বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বলেন, এদের একজনের হাতে পায়ে ধারালো অস্ত্রের মারাত্মক জখম রয়েছে অন্য জনের শরীর বেশ কিছু আঘাতের ভারি চিহ্ন রয়েছে। এদের প্রাথমিক চিকিৎসা শেষে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়।
অপরদিকে একই রাতে একই স্থানে অন্য আরেক ডাকাতির ঘটনায় স্থানীয় একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, সে অষ্ট্রগ্রাম থেকে নৌকা দিয়ে হালের ট্রাকটার নিয়ে একই স্থানে আসলে ডাকাতের আক্রমণের শিকার হয়। এসময় ডাকাতের আঘাতে হাতের একটি আঙুলে মারাত্মক জখম হয়। পরে তার সাথে টাকা-পয়সা মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। আহত মোঃ জাবেদ (৩৫) মানিকদী পাড়াতলা গ্রামের, ভৈরব থানা কিশোরগঞ্জ জেলার মোঃ জসিমউদ্দিনের ছেলে।
এই বিষয়ে নৌ-পুলিশ এসআই মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, আহত ব্যক্তিদের সাথেও কথা বলবো। এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যা প্রক্রিয়াধীন রয়েছে। অন্য এক বক্তব্য তিনি বলেন, এই ধরনের ঘটনা ইদানীং এখানে কয়দিন পর পরই শুনছি। কিন্তু ঘটনা স্থল থেকে আমাদের অবস্থান দেড় দুই ঘটনার পথ। তাই আমরা অনেক সময় যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হতে পারি না।