সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২১টি তাজা ককটেলসহ সোহাগ ও আলিফ নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১২ মে) ভোর রাতে জেলার ঐ উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবড়ধনগাছা গ্রাম থেকে ককটেলসহ ঐ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, জেলার ঐ উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবড়ধনগাছা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে, পেশাদার ককটেল প্রস্তুতকারি সোহাগ সরকার (১৮) ও একই গ্রামের ময়নুল ইসলামের ছেলে আলিফ (১৬)।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দিপক কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের চরবড়ধনগাছা গ্রামের ওয়াহেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ২১টি তাজা ককটেলসহ সোহাগ ও আলিফকে আটক করা হয়। একই গ্রামের কৃষক আলমগীর হোসেনের বাড়িতে এই ককটেলগুলো রেখে তাকে ফাসানোর জন্য ককটেলগুলো তৈরি করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সোহাগ। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।