কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুরগীবাহী দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাপায় ফেরদৌস শিকদার (৪৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া বাইপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস শিকদার পাকুন্দিয়া পৌর সদরের চরপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি প্যারালাইসিসজনিত রোগে ভুগছিলেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুর রহমান জানান, স্থানীয়দের ভাষ্যমতে সকালে ফেরদৌস শিকদার বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মুরগীবাহী পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক গাড়িসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত ফেরদৌসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং ঘাতক পিকআপ ভ্যানটি শনাক্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।