কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছাত্র-জনতার হাতে আটক তিন মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান এ আদেশ দেন।
এর আগে উপজেলার চরপলাশ এলাকার কথিত মাদক ব্যবসায়ী চরপলাশ গ্রামের কেনু খলিফার ছেলে রতন (২২), একই গ্রামের আসাদ মড়লের ছেলে শাপুল (২৫) এবং গিয়াস উদ্দিনের ছেলে ফারজুলকে ছাত্র-জনতা আটক করে। পরে তাদের পাকুন্দিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অবস্থানের অংশ হিসেবে স্থানীয় জনতা তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে দণ্ডাদেশ প্রদান করেন।