কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, হাটবাজার ও জনবহুল এলাকায় স্থাপিত অধিকাংশ সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে রাতের বেলায় অন্ধকারে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।
২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ২০ ফুট উচ্চতার স্টিলের খুঁটির ওপর এসব সৌরবাতি স্থাপন করা হয়। গ্রামীণ জনপদকে আলোকিত করা, রাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল সহজ করাই ছিল প্রকল্পটির মূল উদ্দেশ্য।
রোববার (১৪ জুন) সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন সড়কের পাশে স্থাপিত খুঁটিগুলো এখনও দাঁড়িয়ে থাকলেও অধিকাংশ সৌরবাতি বহুদিন ধরে অকার্যকর। কোথাও ব্যাটারি নষ্ট, কোথাও সৌরপ্যানেল অকেজো, আবার কোথাও পুরো লাইটই বিকল হয়ে আছে। ফলে সন্ধ্যার পর এসব এলাকায় নেমে আসে ঘন অন্ধকার।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্প বাস্তবায়নের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী এক বছর রক্ষণাবেক্ষণ করলেও মেয়াদ শেষ হওয়ার পর আর কোনো উদ্যোগ নেয়নি। পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তর বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর তদারকি কিংবা মেরামতের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এলাকাবাসীর দাবি, সরকারি অর্থে স্থাপন করা কোটি কোটি টাকার এ প্রকল্প বর্তমানে অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবে কার্যকারিতা হারিয়েছে। এতে জনগণ প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
তাড়াইল-সাচাইল, তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দামিহা ও দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে স্ট্রিট লাইটগুলো বিকল অবস্থায় রয়েছে। স্থানীয়দের ধারণা, অচল সৌরবাতির সংখ্যা হাজার ছাড়িয়েছে।
তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামের মেনু মিয়া ও ঘোষপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়াসহ স্থানীয় ভুক্তভোগীরা দ্রুত এসব স্ট্রিট লাইট মেরামতের দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি প্রকল্প বাস্তবায়ন শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; প্রকৃত সুফল পেতে হলে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
স্থানীয় সচেতন মহলের অভিমত, সৌর স্ট্রিট লাইট প্রকল্পের কার্যকারিতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় কোটি কোটি টাকার এই জনকল্যাণমূলক প্রকল্প সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়বে।
এ বিষয়ে তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু বলেন, “স্ট্রিট লাইট স্থাপনের পর এক বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের ছিল। বর্তমানে এগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণ ইউনিয়ন পরিষদের তহবিল থেকে করা প্রয়োজন।”