কিশোরগঞ্জের তাড়াইলে নরসুন্দা নদীর পাড় ঘেষে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের ৫নং ওয়ার্ড অর্থাৎ সওদাগরপাড়া হতে রাজঘাট পর্যন্ত প্রায় ২০০টি পরিবারের বসবাস। যুগের পর যুগ নরসুন্দা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে একটি ওয়ার্ডের অধিকাংশ বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। দিশেহারা হয়ে পড়েছেন নদী পারের মানুষ। ক্ষতিগ্রস্তদের মধ্যে কেউ কেউ অন্যত্র আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ আবার নদী পারে ছাপড়া উঠিয়ে স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের পাশে এখনো দাঁড়াননি সরকারি অথবা বেসরকারি কোনো কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি। ফলে পরিবারগুলো খেয়ে না-খেয়ে দিনাতিপাত করছেন।
এক সপ্তাহ আগে নিজেদের বাড়ি হারিয়েও নদী পাড়ে দাঁড়িয়ে ছিলেন সুরমিন আক্তার, মমতা বেগম, লিলু আক্তার। নরসুন্দার পাড়ে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে তারা হাত দিয়ে দেখালেন, ওই যে দুরে যেখানে জল পাক খাচ্ছে, সেখানেই ছিল আমাদের ঘর। গাছপালা, গোয়ালঘর ছিল, কিন্তু এখন আর তাদের কিছুই নেই। তারা বলছিলেন, দু’সপ্তাহ ধরেই নদী একটু একটু করে ভাঙ্গতে শুরু করে। হঠাৎ তাদের ভিটেমাটি নদীতে তলিয়ে যায়। কিছুদিন হল তারা অন্যত্র ঘর বেঁধেছেন।
উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলাম বলেন, বরুহা গ্রামের ৫ নং ওয়ার্ডে ১ হাজার ৮৯০ জন ভোটার ছিল। নদী ভাঙনের ফলে অনেকেই এলাকা ছেড়ে চলে যাচ্ছে।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, বরুহা গ্রামের ৫নং ওয়ার্ডের সওদাগরপাড়ার অধিকাংশ পরিবার নরসুন্দা নদীর ভাঙ্গনের কবলে পড়ে তাদের বাড়িঘর হারিয়ে নি:স্ব হওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। আপনার মাধ্যমেই বিষয়টি সম্পর্কে অবগত হলাম। অতিদ্রুত আমি খোঁজখবর নেব।
পানি উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, নরসুন্দা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের ৫নং ওয়ার্ডের সওদাগরপাড়ার অধিকাংশ পরিবারের বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। এ বিষয়টি আপনার কাছ থেকেই বিস্তারিত জেনেছি। ভাঙন এলাকাটি পরিদর্শনে আসব। সেখানে কী ব্যবস্থা নিলে নদের ভাঙন রোধ করা যাবে, আমরা সেটাই করব।