সড়ক দুর্ঘটনায় জুন মাসে ৪৩৮ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন।
এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকা বিভাগে ঘটেছে বলে রোববার সংস্থার মাসওয়ারি দুর্ঘটনার প্রতিবেদনে বলা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন বলেছে, ফেলে আসা মাসটিতে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৭২টি। এতে ৪২৮ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৫৬১ জন। নিহতের মধ্যে ৪৪ জন নারী এবং শিশুর সংখ্যা ৫৬ জন।
রোড সেফটি ফাউন্ডেশন নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন; আর ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আর রাজধানীর সড়কে ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।
মোটরসাইকেল দুর্ঘটনায় তথ্য দিয়ে সংস্থাটি বলছে, ১৪৫টি বাইকদুর্ঘটনায় ১৩৪ জন প্রাণ হারিয়েছেন; যা মোট নিহতের ৩০ দশমিক ৫৯ শতাংশ।
এসব দুর্ঘটনায় ৯১ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২০ দশমিক ৭৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন; অর্থাৎ ১৩ শতাংশ।
এই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় সাত জন নিহত এবং চার জন আহত হয়েছেন। আর ২১টি রেলপথ দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৫১টি (৩২%) জাতীয় মহাসড়কে ১৯৪টি (৪১.১০%) আঞ্চলিক সড়কে, ৬৪টি (১৩.৫৫%) গ্রামীণ সড়কে এবং ৫৭টি (১২.০৭%) শহরের সড়কে এবং ৬টি (১.২৭%) অন্যান্য স্থানে হয়েছে।
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে-ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি-ড্রাম ট্রাক ২৫ দশমিক ৬৬ শতাংশ, যাত্রীবাহী বাস ১৬ দশমিক ২৬ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স ৪ দশমিক ৬২ শতাংশ, মোটরসাইকেল ২২ শতাংশ, থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-মিশুক) ১৯ দশমিক ৭৭ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ৫ দশমিক ৫৯ শতাংশ, রিকশা-বাইসাইকেল ১ দশমিক ৫৪ শতাংশ এবং অজ্ঞাত যানবাহন ৪ দশমিক ২০ শতাংশ।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৪ দশমিক ৫৭ শতাংশ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া, রাজশাহী বিভাগে ১৮ দশমিক ৪৩ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২৩ দশমিক ৭২ শতাংশ, খুলনা বিভাগে ৮ দশমিক ৬৮ শতাংশ, বরিশাল বিভাগে ৫ দশমিক ৯৩ শতাংশ, সিলেট বিভাগে ৪ দশমিক ৪৪ শতাংশ, রংপুর বিভাগে ১০ দশমিক ১৬ শতাংশ, এবং ময়মনসিংহ বিভাগে ৪ দশমিক ০২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে কিছু কারণ চিহ্নিত করেছে রোড সেইফটি ফাউন্ডেশন। এগুলো হল: ত্রুটিপূর্ণ যানবাহন; ত্রুটিপূর্ণ সড়ক; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা; মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা; বিআরটিএর সক্ষমতার ঘাটতি; এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।
দুর্ঘটনা রোধে কিছু সুপারিশও করেছে সংগঠনটি।
• জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন করে এই কাউন্সিলের অধীনে বিআরটিএ, বিআরটিসি ও ডিটিসিএ পরিচালনা করা; কাউন্সিলের হাতে আইন, বিধি ও নীতিমালা প্রণয়নের ক্ষমতা রাখা।
• বিআরটিএ, বিআরটিসি এবং ডিটিসিএর ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং এসব টেকনিক্যাল প্রতিষ্ঠানের শীর্ষ পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়া।
• মোটরযানে আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা।
• সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার করা।
• রাজধানীতে রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক আধুনিক বাস সার্ভিস চালু করা।
• বিআরটিসির বাসের সংখ্যা বাড়ানো এবং পরিবহন সেবা উন্নত করে সরকারের পরিবহন সক্ষমতা বাড়ানো।
• দক্ষ চালক তৈরির প্রাতিষ্ঠানিক উদ্যোগ বৃদ্ধি করে তাদের বেতন, কর্মঘন্টা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
• স্বল্প গতির ছোট যানবাহনের জন্য সব মহাসড়কে সার্ভিস রোড নির্মাণ-সহ নিরাপদ রোড ডিজাইন করা।
• প্রতিটি রেল ক্রসিংয়ে গেইটকিপার নিয়োগ করা।
• টেকসই পরিবহন কৌশলের অধীনে সড়ক, রেল ও নৌ-পরিবহন একত্রিত করে একটি অভিন্ন যোগাযোগ মন্ত্রণালয় গঠন করা।