জালম, মাগুড়া ও জাগেশ্বরের ৩০০ কৃষকের ৭০০ বরজে সারা বছর উৎপাদন; ধানের চেয়ে বেশি লাভে স্বাবলম্বিতার নতুন দৃষ্টান্ত
একসময় যেখানে কৃষকের আয়ের প্রধান ভরসা ছিল মৌসুমি ধান চাষ, সেখানে আজ পানের বরজ ঘিরে বদলে গেছে নওগাঁর তিনটি গ্রামের অর্থনীতি। নওগাঁ সদর উপজেলার কির্ত্তিপুর ইউনিয়নের জালম, মাগুড়া ও জাগেশ্বর গ্রাম এখন পরিচিত ‘পানের গ্রাম’ হিসেবে। সবুজ পানের বরজ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায়নি, এনে দিয়েছে কৃষকদের স্বাবলম্বিতা ও নতুন সম্ভাবনার দুয়ার।
নওগাঁ সদর উপজেলা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত এই তিন গ্রামে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস। বাড়ির আঙিনা থেকে বিস্তীর্ণ কৃষিজমি—যেদিকে চোখ যায়, সেখানেই সারি সারি পানের বরজ। প্রতিটি বরজ যেন কৃষকের পরিশ্রম, স্বপ্ন ও সাফল্যের জীবন্ত প্রতিচ্ছবি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উঁচু ও বন্যামুক্ত বেলে-দোআঁশ মাটি, অনুকূল আবহাওয়া, নিয়ন্ত্রিত সেচব্যবস্থা, আগাছামুক্ত জমি, সঠিক পানি নিষ্কাশন এবং নিয়মিত পরিচর্যার কারণে এখানে পানের চাষ অত্যন্ত সফল হয়েছে। কৃষকদের নিজস্ব অভিজ্ঞতার পাশাপাশি কৃষি বিভাগের নিয়মিত পরামর্শও এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত প্রায় ১৫ বছরে ধীরে ধীরে এ এলাকায় পানের চাষের বিস্তার ঘটেছে। বর্তমানে তিন গ্রামের প্রায় ৩০০ কৃষক ৭০০টিরও বেশি বরজে বাংলা, মিঠা, সাচি, কর্পূরী, গ্যাচ, নাতিয়াবাসুত, উজানী ও মাঘি জাতের পান চাষ করছেন। এখানকার উৎপাদিত পান দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।
মাগুড়া গ্রামের কৃষক অরূপ কুমার মণ্ডল ও বিকাশ চন্দ্র মণ্ডল জানান, ধান চাষের তুলনায় পান চাষে লাভ অনেক বেশি। সারা বছর উৎপাদন হওয়ায় এটি এখন শুধু জীবিকার মাধ্যম নয়, বরং পরিবারের আর্থিক স্বচ্ছলতার প্রধান ভিত্তি।
জালম গ্রামের অভিজ্ঞ পানচাষি বিধান চন্দ্র প্রায় ১৫ বছর ধরে পানের চাষ করছেন। বর্তমানে তার পাঁচ বিঘা জমিতে বরজ রয়েছে। তিনি জানান, প্রতি বিঘা জমিতে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হলেও নিয়মিত ফলনের কারণে দ্রুত সেই বিনিয়োগ উঠে আসে। একটি বরজ পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত ভালো উৎপাদন দেয় এবং সপ্তাহে অন্তত দুইবার পাতা সংগ্রহ করা যায়।
তিনি আরও জানান, বর্তমানে বড় আকারের পান প্রতি পোয়া সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা, মাঝারি পান দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা এবং ছোট পান ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
জাগেশ্বর গ্রামের কৃষক সুনিল চন্দ্র প্রামাণিক সাত বিঘা জমিতে পানের আবাদ করেছেন। তিনি বলেন, প্রতি বিঘা জমি থেকে বছরে দেড় থেকে দুই লাখ টাকার পান বিক্রি করা সম্ভব। জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় তার উৎপাদিত পান সরবরাহ করা হয়। অনেক পাইকার সরাসরি গ্রামে এসে পান কিনে নিয়ে যান।
তবে কৃষকদের সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। বর্ষা মৌসুমে ‘দলাপচা’ রোগ পানের বরজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। তবে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সময়মতো ওষুধ প্রয়োগ করলে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানিয়েছেন চাষিরা।
কির্ত্তিপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, নওগাঁ জেলায় বাণিজ্যিকভাবে পান চাষ সবচেয়ে বেশি বিস্তৃত এই তিন গ্রামেই। এখানকার সাফল্য দেখে আশপাশের এলাকার কৃষকরাও পানের চাষে আগ্রহী হচ্ছেন। সারা বছর উৎপাদন সম্ভব হওয়ায় এটি একটি লাভজনক ও টেকসই কৃষি উদ্যোগে পরিণত হয়েছে।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমান জানান, চলতি মৌসুমে জেলায় ৪৩ হেক্টর জমিতে পানের আবাদ হয়েছে। উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের অধিক লাভ নিশ্চিত করতে কৃষি বিভাগ নিয়মিত প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।