নওগাঁর বদলগাছী উপজেলার মুক্তিনগর দাখিল মাদ্রাসায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ৫৫ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন।
মাদ্রাসার সুপার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম এবং দুদক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ। এ সময় মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিলের মাধ্যমে ‘সততা স্টোর’-এর উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথি ৫৫ জন শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির বোতল, কলম ও খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।
দোকানদারবিহীন এই ব্যতিক্রমী ‘সততা স্টোর’ সম্পর্কে শিক্ষার্থীরা জানায়, তারা প্রয়োজনীয় পণ্য নিয়ে মূল্য তালিকা অনুযায়ী নিজ দায়িত্বে নির্ধারিত বাক্সে টাকা জমা দেয়। এতে তাদের মধ্যে সততা, দায়িত্ববোধ ও নৈতিকতার চর্চা গড়ে উঠছে।
মাদ্রাসার সহকারী শিক্ষক মনিরুজ্জামান বলেন, “সততা স্টোরটি যেমন শিক্ষার্থীদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবে, তেমনি তাদের নৈতিক শিক্ষা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন উদ্যোগের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুদকের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন বলেন, “সততা স্টোর একটি অত্যন্ত মহৎ উদ্যোগ। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে সততা, দায়িত্বশীলতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে এটি কার্যকর ভূমিকা রাখবে। দোকানদার ছাড়াই শিক্ষার্থীরা নিজ দায়িত্বে পণ্যের মূল্য পরিশোধ করে, যা তাদের ভবিষ্যৎ জীবনে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।”